সময় বাঁচাতে এবং ভ্রমণে ক্লান্তি কমাতে বর্তমানে অনেকেই বিমান যাতায়াতকেই বেছে নেন। স্থল পথের চেয়ে একটু বেশি টাকা খরচ হলেও দেশ এবং দেশের বাহিরে বিমানে ভ্রমণে আগ্রহী ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে। তবে, আপনি যদি কিছু টিপস মেনে চলেন তাহলে বিমান টিকেট-এর খরচটা কিছুটা হলেও কমাতে পারবেন। চলুন জেনে নেয়া যাক সস্তায় বিমান ভ্রমণ করার কিছু কার্যকরী টিপস :
১। বিমান টিকেট যাত্রার দিনের থেকে যতো দিন আগে কেনা যায় ততোই কম দামে পাওয়া যায়। তাই পূর্ব পরিকল্পিত ভ্রমণের ক্ষেত্রে আগে থেকেই খোঁজ খবর নিয়ে টিকেট কেটে রাখা ভালো।
২। সপ্তাহের শেষে এবং বিশেষ দিন গুলোতে ভ্রমণ যতটা সম্ভব এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝামাঝি সময়ে বিমান ভ্রমণ আপনার অনেক টাকা সাশ্রয় করতে পারে।
৩। অনলাইনে বিমান টিকেট কাটাই উত্তম। বর্তমানে, দেশি এবং বিদেশি জনপ্রিয় নানা অনলাইন বুকিং সাইট রয়েছে। এদের থেকে সাশ্রয়ে বিমান টিকেট কাটা যায়। টিকেট কাটার পূর্বে টিকেটের দাম কম্পেয়ার করার বিভিন্ন সাইট রয়েছে। সেগুলো ব্যবহার করেও কম দামের টিকেটটি খুঁজে পাওয়া যেতে পারে। তবে, বিমান টিকেট কাটার সময় ট্রাভেল এজেন্সিগুলো পরিহার করাই উত্তম। এরা সাধারণত বেশি দামেই টিকেট বিক্রি করে থাকে।
৪। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দেশের বিভিন্ন ব্যাংকই তাদের কার্ড দিয়ে টিকেট কাটায় ছাড় দিয়ে থাকে। আগে থেকেই এসব অফার সম্পর্কে খোঁজ খবর নিয়ে রাখতে হবে।
৫। আসা এবং যাওয়ার দিন ঠিক থাকলে রাউন্ড ট্রিপের টিকেট কাটাই ভালো। এতে মোটামুটি ভালো অর্থ বাঁচানো সম্ভব। পাশাপাশি, ভ্রমণের পথে ট্রানজিট থাকলে দুই ধাপেই একই কোম্পানির টিকেট কেনার চেষ্টা করুন।
৬। কেউ অস্বাভাবিক কম দামে টিকেট অফার করলে খেয়াল কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এই মূল্যে কোন কোন সার্ভিস নেয়া যাবে, হ্যান্ড লাগেজের ওজন কতটুকু বিনামূল্যে বহন করা যাবে খাবারের ব্যাপারগুলো খুব বিস্তারিতভাবে জেনে নিতে হবে।
৭। সরাসরি কোম্পানিগুলোর সাথে কথা বলেও টিকেট কাটা যায়। বিভিন্ন সময়েই এসব কোম্পানির বিভিন্ন অফার থাকে। সেসবের খোঁজ খবর নিতে হবে।
৮। আরেকটা মজার বিষয় হচ্ছে বুকিং সাইটগুলোয় বিমান টিকেট সার্চ দেয়ার সময় ব্রাউজার ইনকগনিটো (Incognito) মুডে রেখে অথবা ভিপিএন (VPN) ব্যবহার করুন। এসব বুকিং সাইট গুলো আপনার ব্রাউজারে কুকিজ রেখে সার্চ আইটেমে নজরদারি করে এবং সুযোগ বুঝে টিকেটের দাম বাড়িয়ে দেয়।
সাখাওয়াত হোসেন

Comments
Post a Comment